logo

অতিরিক্ত দামে সার বিক্রি, মাগুরায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি, মাগুরায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

মাগুরার শ্রীপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির ঘটনায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত এক বস্তা ডিএপি সারের মূল্য এক হাজার ৫০ টাকা। তবে মেসার্স মা ট্রেডার্সে একই সার এক হাজার ৪৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।

অভিযানে আরও দেখা যায়, বেশি দামে সার বিক্রি করলেও ক্রেতাদের কোনো ভাউচার দেওয়া হচ্ছিল না। পাশাপাশি বিক্রয় রেজিস্টারেও সার বিক্রির তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়নি।

প্রতিষ্ঠানটিতে বিপুল মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ ও ড্যামেজ পণ্যের প্যাকেট খুলে সেগুলো খোলা বাজারে বিক্রির প্রমাণও পাওয়া যায় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মাগুরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মেসার্স মা ট্রেডার্সের মালিককে আগেও সতর্ক করা হয়েছিল। সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম অব্যাহত রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে জরিমানা করা হয়েছে।