logo

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাটে ব্যস্ত স্থানীয়রা 

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাটে ব্যস্ত স্থানীয়রা 

হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এরপর ট্রেনটির ওয়াগন থেকে জ্বালানি তেল লুটপাট শুরু করে স্থানীয়দের একাংশ। দীর্ঘ সময় ধরে চলা এ লুটপাট পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী মিলেও বন্ধ করতে না পারায় পরে বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মনতলা রেলস্টেশন এলাকার রাজাপুর হয়রত শাহ্জালাল (রহ.) মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার খবরে স্থানীয়রা বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে তেল নেওয়ার জন্য ছুটে আসেন। এক পর্যায়ে ট্রেনের উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিতে শুরু করেন তারা। এমনকি অনেকে প্রতিযোগিতা দিয়ে ওয়াগন থেকেও সরাসরি তেল লুট করার কাজে মেতে উঠেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

এহেন পরিস্থিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা করেও এ লুটপাট থামাতে পারেনি। পরে বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে তা জানায়নি কর্তৃপক্ষ।

জানা গেছে, তেলবাহী ওয়াগন ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এর মধ্যে কয়েকটি বগি পাশের খালে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং হতাহতের খবর পাওয়া যায়নি।