logo

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের এক সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা করে ভাড়া আদায় করছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।

এ সময় দায় স্বীকার করায় সুপারভাইজার মো. আব্দুল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। কেউ প্রতিবাদ করলে উল্টো খারাপ আচরণের শিকার হতে হতো। তবে এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যাত্রীদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।