গোপনে আর ‘না’ চলবে নাহ, ওপেনে ‘হ্যাঁ’ বলতে হবে: বৈছাআ সভাপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) কেন্দ্রীয় সভাপতি মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ) বলেছেন, কোনো একটি রাজনৈতিক দল গোপনে গোপনে ‘না’, মুখে মুখে ‘হ্যাঁ’ভোটের প্রচারণা চালাচ্ছে। আমরা বলতে চাই গোপনে আর প্রেম চলবে নাহ। প্রেম চলবে ওপেনে। গোপনে আর না চলবে নাহ। ওপেনে হ্যাঁ বলতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে রংপুর বিভাগে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় এসে নগরীর টাউনহলে ‘হ্যাঁ’ ভোটের র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
রিফাত রশীদ বলেন, মঞ্চেও ‘হ্যাঁ’ বলতে হবে। রাজপথেও ‘হ্যাঁ’ বলতে হবে। কর্মীদের দরবারে যখন যান। তখনো ‘হ্যাঁ’ বলতে হবে। অন্যথায় আপনারা বলবেন ‘না’। জনগণও আপনাদের বলবে না না।
তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকজন যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে তাদের সাথে আমাদের পার্থক্য, আমরা জনসভা করতে নয়, র্যালি করতে নয়, আমরা এসেছি জনসচেতনতা তৈরি করতে।
রিফাত রশীদ বলেন, আমরা ঘোষণা দিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেকটি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমরা লিস্টেড এজেন্ট নিয়োগ করবে এবং ক্যাম্পেইন করা হবে। এই এজেন্ট নিয়োগের মাধ্যমে রাজনৈতিক দলগুলো যেভাবে নিজেদের প্রার্থীর পক্ষে কথা বলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্কা প্রার্থী হচ্ছে সংস্কার। সেই সংস্কারের পক্ষে আমরা কাজ করে যাবে ইনশাআল্লাহ। ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনে আমাদের নেতাকর্মীদের উৎসাহ প্রদানেই আমাদের রংপুরে আসা।
তিনি বলেন, বাংলাদেশের এই মুহূর্তে দুটি পক্ষ। একটা জুলাইয়ের পক্ষের শক্তি, আরেকটি বিপক্ষের সত্যি। আমরা জুলাইয়ের পক্ষের ও বিপক্ষে শক্তিকে চিহ্নিত করবে। হাসিনা তো বিদায় হয়েছে। এখন জুলাইয়ের পক্ষের শক্তি ও বিপক্ষে শক্তি নির্ধারণ করা হবে। কে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলে আর কে ‘না’ বলে।
তিনি আরও বলেন, শুরুতেই দেখা গেছে স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিবাদকে কলুর বলদের মতো গাধার মতো টেনেছিল জিএম কাদের, সেই জাতীয় পার্টি এবারও গণভোটে ‘না’ বলার মধ্য দিয়ে ফ্যাসিবাদী আচরণ সুস্পষ্টভাবে প্রকাশ করেছে। একসময় জাতীয় পার্টি দাবি করতে রংপুর তাদের ঘাঁটি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ লিখে দিয়ে যাব, জিএম কাদেরের এই আসনে জামানত বাজেয়াপ্ত হবে।
রিফাত রশীদ বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা জুলাই দেখেছে। জুলাইয়ের রক্ত দেওয়া দেখেছে। এখনো বলি জাতীয় পার্টি রংপুরে তাদের গর্ব দেখায় যে, তাদের ঘাঁটি। কিন্তু তাদের এটা মনে নেই জুলাইয়ের শুরুটা হয়েছে শহীদ আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে। রংপুরে রয়েছে সেই আবু সাঈদের কবর। সুতরাং বাংলাদেশের মানুষের পালস পাল্টেছে।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, ছাত্রমৈত্রীর রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার আহ্বায়ক ইমরান হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর নেতারা।