logo

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিকদের দুই সংগঠনের মধ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে জেলা শহরের হরিপুর এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর থেকে জেলাজুড়ে পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে সকাল থেকেই সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে যাত্রী কল্যাণ সমিতির নামে চাঁদা আদায় নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে জেলা কোচ, বাস ও মিনিবাস পরিবহন শ্রমিকরা।

এরই মধ্যে শুক্রবার রাতে হরিপুর এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রী কল্যাণ সমিতির নামে টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষ বর্তমানে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় রাতে হরিপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রামসহ আন্তঃজেলা ও স্থানীয় সব রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আকস্মিক এই ধর্মঘটে শত শত যাত্রী টার্মিনালগুলোতে আটকা পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হলেও শ্রমিক সংগঠনগুলো তাদের অবস্থানে অনড় রয়েছে। সাধারণ মানুষ দ্রুত এই অচলাবস্থা নিরসনের দাবি জানিয়েছেন।