শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার সাভারের নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) আয়োজিত টেক্সটাইল ফেস্ট বাংলাদেশের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, নির্দিষ্ট নীতিমালা ও নীতিগত কাঠামোর ভিত্তিতেই নিয়োগের এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে সামান্য দুর্বলতা বা ভুলত্রুটি তৈরি হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তা সংশোধন করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের সার্বিক মান, পাঠদান তদারকি ও কারিকুলাম উন্নয়নসহ প্রতিটি খাত নিয়ে একযোগে কাজ করছে। পুরো শিক্ষাব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজাতে এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট করে জানান, আগামী দিনে যাদের সুন্দরভাবে দায়িত্ব পালনের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে, কেবল তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ নিটারের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
