logo

চট্টগ্রামে জামায়াত নেতার খামার থেকে ৪০ ছাগল লুট

চট্টগ্রামে জামায়াত নেতার খামার থেকে ৪০ ছাগল লুট

চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মচারীকে জিম্মি করে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে আল বারাকা খামারে এ ঘটনা ঘটে।

খামারটির মালিক এসএম আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।

আবু হেনা কায়সার বলেন, দুই বছর ধরে ছাগলের খামারটি করছি। খামারে ছোট-বড় চল্লিশটি ছাগল ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন অস্ত্রের মুখে কর্মচারীকে বেঁধে সব ছাগল নিয়ে গেছে। খামারের সিসিটিভি ক্যামেরা ও ডিবিআরও তারা নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করব।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, খামারে কর্মচারীকে বেঁধে কিছু ছাগল নিয়ে গেছে এমন অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।