Advertisement

জোয়ারে ভেসে আসা মরদেহ ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
জোয়ারে ভেসে আসা মরদেহ ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
কেওড়া বাগানে মরদেহটি প্রথম দেখতে পান স্থানীয়রা। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত অর্ধগলিত মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে মরদেহটি উদ্ধার করা নিয়ে স্থানীয় থানা পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। মরদেহ ভেসে ওঠার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘হাসি মার্কেট’ সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগানে মরদেহটি প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জোয়ারের পানির সঙ্গে অজ্ঞাত এই মরদেহটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে যায়। দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহটি সম্পূর্ণ পচে অর্ধগলিত হয়ে গেছে। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি দেখার পর পুলিশ ও নৌ পুলিশকে জানানো হলেও রাত পর্যন্ত উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। স্থানীয়দের অভিযোগ—দুই বাহিনীর মধ্যে এলাকা বা দায়িত্বের ‘রশি টানাটানি’র কারণেই দীর্ঘ সময় ধরে মরদেহটি ওভাবেই পড়ে রয়েছে।

এ বিষয়ে নিঝুমদ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুর রহমান জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে স্থানটি নদীর একদম কাছাকাছি হওয়ায় এটি মূলত নৌ পুলিশের আওতাধীন এলাকা। খবর পেয়ে নৌ পুলিশও সেখানে যায়। কিন্তু বাগানটি সড়ক থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে এবং জোয়ারের পানি থাকায় বৃহস্পতিবার মরদেহটি বের করে আনা সম্ভব হয়নি। আজ মরদেহটি উদ্ধার করা হবে বলে জানান তিনি।

বিষয় :নোয়াখালী