logo

ভ্যানে করে ডিজেল পাচার হচ্ছিল ভারতে

ভ্যানে করে ডিজেল পাচার হচ্ছিল ভারতে

চুয়াডাঙ্গার বড়বলদিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ছয় বিজিবি বিশেষ অভিযানে এই জ্বালানি তেল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে নায়েক ইব্রাহিমের নেতৃত্বে একটি টহল দল সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করে। রাত ৮টার দিকে একটি ভ্যানগাড়ি চেকপোস্ট অতিক্রমের সময় থামিয়ে তল্লাশি চালালে একটি ড্রামের ভেতরে রাখা ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, জব্দ করা জ্বালানি তেল অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে পাচার প্রচেষ্টা ব্যর্থ হয়। জব্দ করা ডিজেল তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।