অস্বাস্থ্যকর পরিবেশে কেক-বিস্কুট তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি, খাবারে শিল্পকারখানার (ইন্ডাস্ট্রিয়াল) লবণ ব্যবহার এবং কেক-বিস্কুট সংরক্ষণের স্থানে তেলাপোকার উপস্থিতি পাওয়ার অভিযোগে একটি বেকারির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার শেরুয়া বটতলা এলাকার বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, অভিযানে কারখানাটিতে ময়লাযুক্ত কাঠের টেবিলে বিস্কুট তৈরি করতে দেখা যায়। এ ছাড়া খাবারে ব্যবহারের অনুপযোগী ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল। কেক ও বিস্কুট সংরক্ষণের স্থানে অসংখ্য তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদনসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি এবং অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও জানান, এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এ সময় অভিযানে জব্দ করা ইন্ডাস্ট্রিয়াল লবণ ও পাঁচ ট্রে কেক জনসমক্ষে ধ্বংস করা হয়।
কারখানাটিকে চিহ্নিত অনিয়ম ও অপরাধ সংশোধনের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সংশোধন না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
