সৈয়দপুর/জিপিএ-৫ না পাওয়ায় নিজ কলেজেই ভর্তি অনিশ্চিত, সড়কে ৪৮ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগের দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। কলেজের ভর্তি নীতিমালায় জিপিএ-৫ বাধ্যতামূলক করায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়া ৪৮ শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে না পারায় তারা এ কর্মসূচি পালন করেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনে সৈয়দপুর-নীলফামারী বিমানবন্দর সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা ষষ্ঠ শ্রেণি থেকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়ন করছেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় কলেজের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তারা একাদশ শ্রেণিতে নিজ প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারছেন না। একটি পরীক্ষার ফলাফলের কারণে দীর্ঘদিনের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়া তাদের জন্য হতাশাজনক। তাই ভর্তির ন্যূনতম যোগ্যতা পুনর্বিবেচনা করে ভর্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
অভিভাবকেরা বলেন, অনেক শিক্ষার্থী অল্প নম্বরের ব্যবধানে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছেন। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে অধ্যয়ন করা শিক্ষার্থীদের মানবিক বিবেচনায় একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া উচিত। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেন তারা।
জানা গেছে, ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে ৪৮ শিক্ষার্থীর অভিভাবকেরা এর আগে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কাছেও ভর্তির শর্ত পুনর্বিবেচনার দাবি জানান। তবে কোনো সমাধান না হওয়ায় তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছর ১০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১০০ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৫২ জন জিপিএ-৫ অর্জন করেন। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চলতি শিক্ষাবর্ষে কলেজটিতে ৩৫০টি আসন রয়েছে। গত ২৭ আগস্ট প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএ-৫-কে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়। ফলে জিপিএ-৫ না পাওয়া ৪৮ শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারছেন না।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। তিনি আন্দোলনকারী শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, বিষয়টি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, প্রতিবছর কলেজটিতে ভর্তির চাপ বাড়ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী। সরকারি নীতিমালার বাইরে গিয়ে ভর্তির সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।


