আ.লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন

জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা একই চক্রান্তের অংশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে যেসব দলীয় নেতাকর্মী ভুল করে দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তারা ভুল স্বীকার করে দলে ফিরতে চাইলে বিষয়টি দলীয় হাইকমান্ড বিবেচনা করবে।
তিনি আরও বলেন, যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দলের বিরুদ্ধে ভোট করেছেন, তাদের বিষয়ে দল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।
এর আগে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে ঝিনাইদহে র্যালি অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



