নাটোরে গরুবোঝাই ভটভটিতে বাসচাপায় প্রাণ গেল তিন ব্যবসায়ীর

নাটোরের গুরুদাসপুর উপজেলায় গরুবোঝাই ভটভটিতে বাসের চাপায় তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তঃত সাতজন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে বেলা ১০টার দিকে উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর পাগলা বাজার মহল্লার মৃত শের আলী সরদারের ছেলে আব্দুর রহমান, একই উপজেলার ধামানিয়া গ্রামের আরশেদ আলীর দুই ছেলে আক্কাস আলী ও জাহাঙ্গীর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়াইগ্রামের বনপাড়া থেকে গরুবোঝাই ভটভটি নিয়ে গরু ব্যাবসায়ীরা চান্দাইকোনা গরুর হাটে যাচ্ছিলেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসটি গরুবোঝাই ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটি থেকে ছিটকে বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে আব্দুর রহমানের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তঃত ৯ জন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে আহত অবস্থায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আক্কাস আলী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা চলছে। দুর্ঘটনার শিকার যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রকিয়াধীন।



