ওমানে প্রবাসী চার ভাইয়ের মৃত্যু, কিছুই জানে না মা

ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মৃত্যুর খবর এখনও জানেন না তাদের মা।
বুধবার (১৩ মে) রাতে ওমানের মুলাদ্দাহ এলাকার একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার বাসিন্দা এবং আবদুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তাদের মধ্যে দুজন অবিবাহিত ছিলেন। ১৫ মে দেশে ফেরার কথা ছিল তাদের। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। ফেরার পথে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বাড়ির সামনে অবস্থান করা সংবাদকর্মী ইসমাইল হোসেন নয়ন বলেন, পরিবারের সদস্যদের এখনো মৃত্যুর খবর জানানো হয়নি। শুধু দেশে থাকা এক ভাই বিষয়টি জানেন। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে তাকে এখনও কিছু জানানো হয়নি। পরিবারের সদস্যদের বলা হয়েছে, এক ভাই সামান্য সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে থাকা এক ভাই ছাড়া পরিবারের অন্য সদস্যরা এখনও চার ভাইয়ের মৃত্যুর খবর জানেন না।
ওমান পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির ছিল। এ সময় গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে নির্গত বিষাক্ত গ্যাস ভেতরে ছড়িয়ে পড়ে। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে সেই গ্যাস শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তবে ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আর এইচ রবিউল নামে এক প্রবাসী দাবি করেন, গাড়িতে কোনো দুর্ঘটনা বা গ্যাস লিকেজের ঘটনা ঘটেনি। তার ভাষ্য, চারজন গাড়ি চালিয়ে হাসপাতালে এলেও পরে আর গাড়ি থেকে নামতে পারেননি।
স্থানীয় সময় দুপুরে মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে ওমান পুলিশ।
