পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম।
মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন নির্বাচনি ছুটি এবং শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিন বন্ধ থাকছে বন্দর।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন ব্যবস্থা সীমিত পরিসরে চালু থাকবে বলে জানা গেছে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের মধ্য দিয়ে সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। টানা তিন দিন নির্বাচনি ছুটি শেষে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরটি মোট চার দিন বন্ধ থাকবে।
এরপর আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যবসায়ীদের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন ব্যবস্থা সীমিত পরিসরে চালু থাকবে। তবে ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের যাতায়াতে বিধিনিষেধ থাকতে পারে।
তিনি আরও জানান, চিকিৎসা-সংক্রান্ত জরুরি প্রয়োজনে পাসপোর্টধারী যাত্রী এবং ভুটান ও নেপালগামী পর্যটকরা এই ইমিগ্রেশন ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।