চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন ৮ গুণীজন ও ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত ‘স্বাধীনতা বইমেলা-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা স্মারক সম্মাননা এবং পাঁচজনকে সাহিত্য সম্মাননা দেওয়া হবে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর জেলা স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য মনোনীতরা হলেন, স্বাধীনতা আন্দোলনে প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ (মরণোত্তর), চিকিৎসায় এম এ ফয়েজ, সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, ক্রীড়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সংগীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার।
এ ছাড়া প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই সম্মাননা পাচ্ছে।
সাহিত্য সম্মাননা পদকের জন্য মনোনীতরা হলেন, ড. আব্দুল্লাহ আল মামুন (গীতিকবিতা), সৈয়দ খালেদুল আনোয়ার (শিশু সাহিত্য), হারুন রশীদ (প্রবন্ধ ও গবেষণা), শাহিদ হাসান (কবিতা) এবং জাহেদ মোতালেব (কথাসাহিত্য)।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির এবং বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই বইমেলার সমাপনী অধিবেশনে পদক প্রদান ছাড়াও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।