শাল্লায় ২০৮ বছরের পুরোনো ম্যাগনেট পিলার উদ্ধার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০৮ বছরের পুরোনো একটি ম্যাগনেটজাতীয় পিলার উদ্ধার করে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুরে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
পিলারটিতে ইংরেজিতে নামাঙ্কিত রয়েছে, ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। পুলিশ ও স্থানীয়দের ধারণা এটি একটি প্রাচীন ম্যাগনেটজাতীয় লোহার সীমানা পিলার। পিলারের একদিকে দুটি তার সংযুক্ত রয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে দৌলতপুর গ্রামের কিছু যুবক রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। মাদক খোঁজার সময় রূপ মিয়ার বাড়ি থেকে ম্যাগনেটজাতীয় সীমানা পিলারের মতো দেখতে লোহার বস্তু পাওয়া যায়।
পিলারটির একদিকে দুটো তার রয়েছে এবং পিলারের গায়ে ইংরেজিতে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া ১৮১৮। উদ্ধার করা পিলারটি রাতে একই গ্রামের হেকিম মিয়ার বাড়িতে রাখা হয়। রোববার সকালে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রূপ মিয়া মাদক ও এই ম্যাগনেট পিলার কেনাবেচার সঙ্গে জড়িত। এলাকায় এমন কোন বস্তু আগে কেউ দেখেননি। পিলারটি কোথাও বিক্রি করার উদ্দেশ্যে তার বাড়িতে এনে রেখেছিল। যখন গ্রামের যুবকরা তার বাড়িতে অভিযান চালায় তখন রুপ মিয়া বাড়ি থেকে সটকে পড়েন।
স্থানীয় আটগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য নুরুল হক বলেন, শনিবার রাতে রুপ মিয়ার বাড়ি থেকে স্থানীয়রা পিলারটি উদ্ধার করেছে। নিরাপত্তার স্বার্থে পিলারটি হেকিম মিয়ার বাড়িতে রাখা হয়। পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে থাকা এস আই শওকত আলী বলেন, ম্যাগনেটজাতীয় সীমানা পিলারের মতো লোহার ভারী বস্তুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বস্তুটি আদালতে পাঠানো হবে।
.png)






