
যশোরে অভিযান চালিয়ে সাত কোটি ১৩ লাখ টাকার স্বর্ণ ও একটি প্রাইভেট কারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ জুন) যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক টহল দল মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন তিন কেজি ৬৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।
অভিযানে স্বর্ণের বার ছাড়াও ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য জব্দকৃত মালামাল যশোর কোতোয়ালি থানার মাধ্যমে সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।




