আমরা কথা না, শুধু কাজ চাই: নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমরা কথা না, শুধু কাজ চাই। যেখানে যে সহযোগিতা লাগবে আমরা করব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার তিনটি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত প্রধান সংযোগ সড়কের দীর্ঘদিনের ধীরগতির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নুরুদ্দিন অপু। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর উদ্দেশে তিনি বলেন, জেলার প্রায় ১৬ লাখ মানুষ একটি সড়কের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, যে কোনো মূল্যে সড়কটির কাজ দ্রুত শেষ করতে হবে। এ জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা তিন সংসদ সদস্য মিলে করব। নির্বাচনের আগে আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি—এই সড়কের কাজ দ্রুত সম্পন্ন করব। এখন যদি তা না পারি, তাহলে আমাদের কথার সঙ্গে কাজের মিল থাকবে না। অনেক অজুহাত শুনেছি, এখন আমরা শুধু কাজ চাই।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে শরীয়তপুরের অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবার মান আরও উন্নত হবে।
এর আগে সকাল ১০টায় নির্বাচন-পরবর্তী তৃণমূলের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে শরীয়তপুর-৩ আসনের এজেন্ট ও ‘সুপার ফাইভ’ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন সংসদ সদস্য অপু।
সভায় নির্বাচনী অভিজ্ঞতা, ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়। মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি আগামী দিনগুলোতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে দুপুরে তিনি গোসাইরহাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, জনসেবা সহজ ও হয়রানিমুক্ত করা এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নুরুদ্দিন অপু বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে গোসাইরহাটকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা সম্ভব।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।