logo

প্রথমবার নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াতের নারী নেতাকর্মীরা

প্রথমবার নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াতের নারী নেতাকর্মীরা

রাজশাহীতে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে চমক দিতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এই প্রথম কোনো সমাবেশে নারী কর্মী-সমর্থকদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। বিষয়টিকে নারীদের অধিকার প্রতিষ্ঠার সোপান হিসেবে দেখা হচ্ছে।

মহানগর জামায়াতে ইসলামীর দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ, দুপর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়, বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ও সাড়ে ৬টায় নাটোর জেলায় আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং রাজশাহী নিয়ে জামায়াতের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। একইসঙ্গে দলটির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

এদিকে জামায়াতে আমিরের আগমন উপলক্ষে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জমিস সরকার বলেন, এবারই প্রথাম জামায়াতের সমাবেশে নারী কর্মীরা সরাসরি অংশ নেবে। আমরা নারীদের পূর্ণ মর্যাদা দিতে চাই।

মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এমাজ উদ্দীন মণ্ডল বলেন, আমিরে জামায়াত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমাদের জনসভায় অন্তত ৪০ থেকে ৫০ হাজার নারী কর্মী-সমর্থক অংশ নেবেন। জামায়াতে ইসলামী নারীদের পূর্ণ মর্যাদা দিয়ে থাকে। জামায়াতের সমাবেশে শুধু পুরুষদের অংশগ্রহণেই মাদ্রাসা মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। তবে এবার যেহেতু নারীরা থাকছেন, তাই আমরা মনে করছি লক্ষাধিক কর্মী-সমর্থক সমাবেশে অংশ নেবেন। মাঠ ছাড়িয়ে সমাবেশে অংশগ্রহণকারীদের দীর্ঘ সারি আশপাশের রাস্তায় গিয়ে দাঁড়াবে।

তিনি আরও জানান, সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। সমাবেশে ১১ দলীয় জোটের নেতাদের মধ্যে কর্নেল অলী আহমেদ, মামুনুল হক, রাশেদ প্রধান, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতার থাকবেন।