চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, নিহত ১

নারায়ণগঞ্জের বন্দরে মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মালবাহী ট্রাক সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে ও আশপাশে থাকা লোকজন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
