গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, ৭ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। এতে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে।
পুলিশের ভাষ্য, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ সময় টহলরত পুলিশের একটি দল মিছিলটির মুখোমুখি হয় এবং সেটি থামানোর চেষ্টা করে। পুলিশের অভিযোগ, তখন মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ সময় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হামলায় সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

