logo

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু
ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে এই রুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এই নৌরুটে দুটি ফেরি রয়েছে। যার মধ্যে একটি গত দুই-তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। আর সচল থাকা অপর ফেরিটিও পদ্মার তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়েছিল। ফলে দীর্ঘ সময় ধরে নৌরুটটিতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে, যা বাড়তি সময় ও খরচের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘ ১৬ দিন পর ফেরি পুনরায় চালু হওয়ায় যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) রবিউল ইসলাম জানান, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় এতদিন ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার বেলা ১১টা থেকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।