হবিগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ-সিলেট রুটসহ জেলার অভ্যন্তরীণ সব সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
মঙ্গলবার (১২ মে) ভোর থেকে পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা।
জানা যায়, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন এক্সপ্রেস বাস চলাচল করে আসছে। তবে গত ১০ মে মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসে হামলা, ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ এবং নিরাপদ চলাচলের নিশ্চয়তা দাবিতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ মঙ্গলবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষজন। বাসস্ট্যান্ডে এসে পরিবহন বন্ধের খবর পেয়ে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ বিকল্প যানবাহনের সন্ধানে ছোট যানবাহন, সিএনজি অটোরিকশা কিংবা ভাড়ায়চালিত পরিবহনে অতিরিক্ত টাকা গুনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
এতে যাত্রীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি অতিরিক্ত ভাড়া গুনতে হওয়ায় ক্ষোভও প্রকাশ করেন অনেকে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও চাকরিজীবীরা চরম বিপাকে পড়েছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে হবিগঞ্জ ও সিলেটগামী যাত্রীরা পরিবহন সংকটের কারণে গুরুত্বপূর্ণ কাজে সময়মতো পৌঁছাতে না পেরে দুর্ভোগের শিকার হন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতারা জানান, মৌলভীবাজার হয়ে বিরতিহীন বাস চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসন বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানান পরিবহন মালিকরা।