logo
Advertisement

ঘোড়ার মাংসকাণ্ড, বহিষ্কার সেই ছাত্রদল নেতা

এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
ঘোড়ার মাংসকাণ্ড, বহিষ্কার সেই ছাত্রদল নেতা
মাহমুদুল হাসান। ছবি : ফেসবুক থেকে নেওয়া

জামালপুরে আলোচিত ঘোড়ার মাংস বিক্রি চক্রের সদস্যদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে (মেহেদী) দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে (মেহেদী) দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, গত ২৩ আগস্ট ভোরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ। একই ঘটনায় স্থানীয় জনতা ঘোড়ার মাংস বিক্রি চক্রের আরও চার সদস্যকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করার কথা বলে নিয়ে গিয়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মেহেদীর বিরুদ্ধে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান মেহেদী বলেন, আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। কিছু স্বার্থান্বেষী মানুষের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের কারণে আমাকে দল থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল বলেন, সংবাদমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ার পর কেন্দ্রীয় সংসদ তা খতিয়ে দেখে এবং অভিযুক্ত মেহেদীর বক্তব্যও শোনে। পরবর্তীতে অপরাধে সম্পৃক্ততার সত্যতা পেয়ে কেন্দ্র থেকে তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয় :