logo

কিস্তি চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, ২ কর্মীকে হাতুড়িপেটা

কিস্তি চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, ২ কর্মীকে হাতুড়িপেটা

কিস্তির টাকা চাওয়া কেন্দ্র করে বগুড়ায় ‘উদ্দীপন’ নামের একটি এনজিও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। এ সময় কার্যালয় থেকে নগদ দেড় লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত এনজিও কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকার ওমর আলীর ছেলে প্রোগ্রাম অফিসার মো. হাসিনুর রহমান (৩৪) ও নাটোরের বাগাতিপাড়া উপজেলার শালাইননগর এলাকার আলতাব আলীর ছেলে ফার্স্ট ক্রেডিট অফিসার মো. শিমুল আলী (২৭)।

উদ্দীপনের ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা বলেন, গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান নামের এক গ্রাহক দুই লাখ টাকা ঋণ নেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। বারবার কিস্তির জন্য তাগাদা দেওয়া হয়। শনিবার বিকেলে কিস্তি চাইতে গেলে নূর নবী নামের এক কর্মীকে মারধর করা হয়। পরে রাতে পরিকল্পিতভাবে আমাদের কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ভাঙচুরের পাশাপাশি কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এ সময় হামলাকারীরা কার্যালয়ে থাকা আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ কার্যালয়ে ঢুকে হামলা চালান। তারা হাতুড়ি ও চাকু দিয়ে দুই কর্মীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তারা আহত হন। পরে কার্যালয়ের কম্পিউটার, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখনও কাউকে আটক করা যায়নি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।