কিশোরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে ঝগড়ার জেরে জুয়েল মিয়া (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের বাসিন্দা কুদ্দুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার থেকে পাঁচ দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও বড়চরা গ্রামের ছেলেদের মধ্যে কাবাডি খেলা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে আজ শুক্রবার সন্ধ্যার দিকে বড়চরা গ্রামে একা পেয়ে জুয়েলকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুর উপজেলার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




