ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে থালা-বাটি হাতে হকারদের বিক্ষোভ

সিলেটে নগরের ফুটপাতে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ চেয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হকাররা।
রোববার (১৭ মে) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে নগরের বিভিন্ন এলাকার শতাধিক হকার অংশ নেন। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল থালা ও বাটি। কারও কারও হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল।
হকাররা বলেন, সারাদিন ব্যবসা করতে না পারলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। তারা দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ফুটপাতের ব্যবসাই অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস।
অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযানের নামে ‘পুলিশি নির্যাতন’ ও মালামাল জব্দের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান। তারা বলেন, উচ্ছেদ অভিযানে প্রায়ই হকারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা মানবিক নয়।
হকাররা বলেন, কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়বেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে ব্যবসার অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা।
কয়েক ঘণ্টার এই অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের আশাপাশ, হাসান মার্কেট থেকে ধোপাদিঘী পর্যন্ত আশপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।
