logo
Advertisement

ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে ওজনে কারচুপির অপরাধে ইলিশ বিক্রেতাকে জরিমানা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে বিশেষ কৌশলে কারচুপি করে ইলিশ মাছ কম দেওয়ার অভিযোগে এক বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আনন্দবাজার এলাকার মাছের পাইকারি ও খুচরা আড়ত এবং দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় 'মেসার্স সিয়াম মিয়া' নামের ইলিশ মাছের দোকানে ওজন মেশিনে কারচুপির বিষয়টি ধরা পড়ে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, দোকানটির ইলিশ মাছ বিক্রেতা আপেল মাহমুদ ওজন মেশিনের ভেতরে বিশেষ কৌশলে একটি রাবার ও রশি সংযুক্ত করে রেখেছিলেন। রশিটির অপর প্রান্ত গামছার আড়ালে তার হাতের কাছে রাখা থাকত। রশি টানা ও ঢিলা করার মাধ্যমে বিক্রেতা ইচ্ছেমতো ওজনে হেরফের করতেন। ক্রেতাদের চোখের আড়ালে এভাবে ওজনে কম দিয়ে মাছ বিক্রির বিষয়টি অভিযানে হাতেনাতে ধরা পড়ে। পরে কারচুপির কাজে ব্যবহৃত রশি ও রাবারসহ ওজন মেশিনটি জব্দ করা হয়।

অভিযানে অনিয়মের কথা স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন আপেল মাহমুদ। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের ঠকানোর কোনো সুযোগ নেই। ব্যবসায়ীদের সঠিক ওজনে পণ্য বিক্রি করতে হবে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।