logo
Advertisement

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২

এশিয়া পোস্ট নিউজ,সিরাজগঞ্জ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির এক যাত্রী আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড় ৫টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৬৫) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকবর ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫)। আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। তিনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার। পরে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিতে চড়ে তারা সিরাজগঞ্জ শহরের দিকে রওনা হন। পথে বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন চাচা আশিক। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাই।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। আর আহত বিষ্ণু হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।