রংপুরে জালনোটসহ যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
রংপুরে জালনোটসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার শাওন মিয়া। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে জালনোটসহ মো. শাওন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠোনো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মো. শাওন মিয়া (১৯) উপজেলার কুতুবপুর গবড়া এলাকার মো. সুজন মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দুপুরে র‍্যাব-১৩-এর একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া এলাকায় মো. হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে মো. শাওন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে শাওনের দেহ তল্লাশি করে তার পকেটে থাকা ৫০০ টাকার ১৫১টি জালনোট উদ্ধার করা হয়, যার মোট মূল্যমান ৭৫ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাওন স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে জালনোট সংরক্ষণ, বিতরণ ও বাজারজাতকরণের সঙ্গে সে জড়িত ছিল।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, হত্যা, ধর্ষণ, চোরাচালান, কালোবাজারি ও জালমুদ্রা প্রস্তুতকরণসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই অংশ হিসেবে জালনোটসহ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জালনোট তৈরি ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয় :রংপুর