logo
Advertisement

মাদক সেবনের পর আসবাব ভাঙচুর, ছেলেকে পুলিশে দিলেন বাবা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নীলফামারী
মাদক সেবনের পর আসবাব ভাঙচুর, ছেলেকে পুলিশে দিলেন বাবা
দণ্ডপ্রাপ্ত আলিফনুর রহমান। ছবি : এশিয়া পোস্ট

নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসেবনের পর বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ওই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত আলিফনুর রহমান (২২) ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এ সময় থানা-পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিফনুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার দুপুরে মাদক সেবনের পর তিনি বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দেখে তার বাবা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলিফনুরকে আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আলিফনুর রহমানকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।