যশোরে আওয়ামী লীগের সাবেক ৬ এমপির বিরুদ্ধে মামলা

যশোরে সরকারবিরোধী মিছিলের অভিযোগে সাবেক ছয়জন সংসদ সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ এবং যশোর-৫ আসনের সাবেক এমপি ইয়াকুব আলী।
এ ছাড়া যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদারসহ মোট ৪০ জন নেতার নাম রয়েছে।
এসআই আশরাফ উদ্দিন এজাহারে উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ব্যানারে নেতাকর্মীরা যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন আজিজ সিটি রোডে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান।
মামলায় প্রথম ১৩ জনকে সংগঠনের ‘গডফাদার’ ও অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বাকি ২৭ জনকে সক্রিয় সদস্য ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করা হয়েছে।
এদিকে একই অভিযোগে ২৯ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আসামিরা সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।