logo

ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
ইয়াবাসহ গ্রেপ্তার হোসেন আলী। ছবি : পুলিশের সৌজন্যে

জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ হোসেন আলী (৪৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসেন আলী ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

ডিবি জানায়, শুক্রবার সন্ধ্যায় এসআই আপেল মাহমুদের নেতৃত্বে ডিবি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবাসহ হাতেনাতে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে হোসেন আলীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, দলের মধ্যে এসে এমন অপরাধ করার সুযোগ নেই। সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দ্রুতই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দল কাউকে ছাড় দেবে না।

জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।