logo
Advertisement

রাতে অপ্রয়োজনে ঘোরাঘুরি, ২৫ কিশোরকে থানায় নিল পুলিশ

রাতে অপ্রয়োজনে ঘোরাঘুরি, ২৫ কিশোরকে থানায় নিল পুলিশ
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ২৫ কিশোর। ছবি : এশিয়া পোস্ট

কিশোরগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও কিশোর অপরাধ কমাতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আড্ডাস্থলে এ অভিযান চালানো হয়। উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার সময় আটক কিশোরদের থানায় নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ২৫ কিশোরের অভিভাবকদের থানায় ডেকে এনে কথা বলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। এ সময় তিনি সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া থেকে সন্তানদের বিরত রাখতে অভিভাবকদের পরামর্শ দেন।

পুলিশ আরও জানায়, রাতের আড্ডা ও উদ্দেশ্যহীন ঘোরাফেরার কারণে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। তাই শহরের বিভিন্ন এলাকায় রাতের টহল জোরদার করা হয়েছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কিশোর ও তরুণদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজন হলে থানায় এনে অভিভাবকদের সতর্ক করা হচ্ছে।

ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ সুপারের উদ্যোগে শহরজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।