logo

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার। ছবি : পুলিশের সৌজন্যে

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে প্রধান ফটকের পরিবর্তে পেছনের বিকল্প গেট দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে বস্তু দুটি দেখতে পান এক পথচারী। পরে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয় বিকল্প মসজিদ গেট।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর প্রায় পাঁচ মিনিট পর বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে এএসআই পলাশ বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।

বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন। ছবি : পুলিশের সৌজন্যে
বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন। ছবি : পুলিশের সৌজন্যে

খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় প্রধান ফটক বন্ধ করে দেওয়া হলে বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকল্প মসজিদ গেট দিয়ে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা করা হয়।

ঘটনার সময় ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন মন্ত্রী। তাকে বিষয়টি জানানোর পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের বিকল্প গেট দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকেন। তবে এরপরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়।

তিনি আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি বিমানবন্দরের প্রধান ফটকের পাশে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট