logo

টেবিলের নিচে মাংস জমা করা নিয়ে বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ

টেবিলের নিচে মাংস জমা করা নিয়ে বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ
ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করা নিয়ে কনেপক্ষ ও গ্রামবাসীর মধ্যে ‍তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আরিফ মিয়া, সহিদ মাতুব্বর, ছোরাপ মাতুব্বর ও মমতাজ বেগমসহ বেশ কয়েকজন। তাদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেওড়া নয়াকান্দা গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বরপক্ষ, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের দাওয়াত দেওয়া হয়।

খাওয়া-দাওয়ার সময় গ্রামের কয়েকজন অতিথি তাদের প্লেটের মাংস না খেয়ে টেবিলের নিচে লুকিয়ে রাখছিলেন। স্থানীয়রা ও কনেপক্ষের লোকজন এটি দেখে প্রতিবাদ করলে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

এ বিষয়ে কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর বলেন, বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিয়েবাড়ির অনুষ্ঠানে মাংস খাওয়া নিয়ে গ্রামের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানান তিনি।