logo

গণভোট নিয়ে মোনাফেকি করলে মুখের ওপরে ‘গুপ্ত’ বলে দেবেন : আসিফ মাহমুদ

গণভোট নিয়ে মোনাফেকি করলে মুখের ওপরে ‘গুপ্ত’ বলে দেবেন : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোট নিয়ে মোনাফেকি করলে, তাদের মুখের ওপরে ‘গুপ্ত গুপ্ত’ বলে দেবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় সিরাজগঞ্জ-৬ আসনের ১১ দলীয় সমর্থিত শাপলা কলি প্রতীকের প্রার্থী সাইফ মোস্তাফিজের নির্বাচনি পথসভা ও গণভোটের পক্ষে প্রচারণার তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের প্রায় সকল রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে, শুধু স্বঘোষিত দিল্লির একটি দল ছাড়া। আমরা মাঠপর্যায়ে দেখেছি তাদের নেতাকর্মীরা ‘না’ ভোটের প্রচারণা করছে। ‘হ্যাঁ’ ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, ‘হ্যাঁ’ ভোট দিলে এই হবে সেই হবে- নানান মিথ্যা কথা বলে গ্রামগঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখনও যদি তারা সেটা করে তাহলে আমাদেরও তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তাদেরকেও বলতে হবে ‘গুপ্ত, গুপ্ত’। 

তিনি আরও বলেন, তারা অনেক দলকে মোনাফেক বলে, আমরা দেখতে চাই তারা যেন জাতির সঙ্গে মোনাফেকি না করে। মাইকে-ক্যামেরার সামনে এক, আর অলিতে গলিতে গ্রামগঞ্জে আরেক, এটা আমরা দেখতে চাই না।

এনসিপির মুখপাত্র বলেন, যারা এদেশের অর্থনীতিকে চাঙা করে, তারা এর প্রতিদান পায় না। প্রতিদান পায় বিএনপি-আওয়ামী লীগের সমর্থনে নব্য ধনী, মধ্যস্বত্বভোগী ও পুঁজিবাদীরা। আমরা আমাদের ইশতেহারে ঘোষণা করেছি, জোট বিজয়ী হলে একটি স্মার্ট কার্ডের মাধ্যমে সকল সেবা দেওয়া হবে। 

তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কিন্তু শরীফ ওসমান হাদি ‍ও ফেলানীরা আগ্রাসনবিরোধী আন্দোলন করে জীবন দিয়েছে। একটি দল নির্বাচন হলে আগ্রাসনবিরোধী সেই শক্তির বিরুদ্ধে কী করবে সে বিষয়ে একটি কথা বলে না।

এ ছাড়া নির্বাচনি পথসভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব শারমিন মুনিরা, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারসহ স্থানীয় ১১ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।