logo

নদীতে নিখোঁজ পাউবো কর্মীর মরদেহ উদ্ধার

নদীতে নিখোঁজ পাউবো কর্মীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের কংস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, সোমবার সকালে নদীর পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিহত আব্দুল হালিম ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাউবোর মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সোমবার সকাল সাতটার দিকে আব্দুল হালিম বাড়ির পাশে কংস নদীতে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খুঁজাখুঁজি শুরু করে। মঙ্গলবার ও বুধবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তবে বুধবার বিকেল তিনটার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা নামক স্থানে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফয়ার সার্ভিসে খবর দিলে তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।