ঈদের পোশাক কিনে ফেরার পথে মা-ছেলে নিহত

নরসিংদী শহরে ট্রেনে কাটা পড়ে সাথী বেগম নামে এক নারী ও তার দেড় বছরের শিশু সন্তানের সাফওয়ান মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী রেলস্টেশন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইজিবাইক চালক সুজন মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে যান। ফেরার পথে নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্ম হয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান সুজন মিয়ার স্ত্রী ও তার শিশু সন্তান। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুজন মিয়া বলেন, চোখের সামনে স্ত্রী-সন্তানকে হারালাম। ট্রেন আসতে দেখে অনেক চিৎকার করেছি। কিন্তু বাঁচাতে পারলাম না।
নরসিংদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানায়, স্টেশনের এক নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস স্টেশন অতিক্রম করছিল। ওই পরিবারটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
