logo

শেরপুরে ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ

শেরপুরে ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ

শেরপুরের নকলায় দুটি ট্রাকে ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর বাজারে অভিযান চালায় কৃষি বিভাগ ও পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, নকলা উপজেলার সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামে দুটি ডিলার পয়েন্টে ট্রাক থেকে ইউরিয়া সার নামানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় ট্রাক দুটি থেকে মোট ৯৮০ বস্তা সার জব্দ করে।

নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সারভর্তি ট্রাক দুটি শেরপুরের ঝিনাইগাতী বাফার জোন পয়েন্টে নামানোর কথা ছিল। কিন্তু কেন এখানে নামানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ট্রাক দুটি নকলা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, যানজট এড়াতে ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আমরা লিখিত কোনো জব্দ আদেশ পাইনি। তবে কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ডিলাররা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে দিয়েছেন। সোমবার ঢাকা থেকে একটি তদন্ত টিম আসবে। তাদের তদন্তের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাতে সারগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। 

এ ঘটনায় ঝিনাইগাতী বাফার ইনচার্জ কর্মকর্তা মো. আদিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এশিয়া পোস্টকে বলেন, বাফার জোন আমাদের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।