বরিশালে মাদকসহ গ্রেপ্তার পুলিশ সদস্য কারাগারে
এশিয়া পোস্ট নিউজ, বরিশাল

বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য তনহাদ আহমেদ নীরবকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল তনহাদ আহমেদ নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জাসায়, নীরব কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতোয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা এবং দুটি গাঁজার পোটলা জব্দ করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
