logo
Advertisement

জামিনে মুক্ত বৈষম্যবিরোধী ৫ শিক্ষার্থী হত্যা মামলার আসামি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজলক্ষ্মীপুর
জামিনে মুক্ত বৈষম্যবিরোধী ৫ শিক্ষার্থী হত্যা মামলার আসামি
সৈয়দ আহম্মদ পাটওয়ারী। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ৫ শিক্ষার্থী হত্যাসহ একাধিক মামলার আসামি সৈয়দ আহম্মদ পাটওয়ারী জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (১৭ মে) বিকেল ৩টার দিকে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

সৈয়দ আহম্মদ লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর বাঞ্চানগর এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা শহরে জুলাই আন্দোলনে ৫ হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা, পুলিশের দায়েরকৃত একটি মামলা ও রামগঞ্জ থানা পোড়ানোসহ একাধিক মামলায় সৈয়দ আহম্মদ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, থানা পোড়ানোর একটি মামলায় সৈয়দ আহম্মদ উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর রামগঞ্জের একটি মামলায় তাকে সাক্ষী (পিডব্লিউ) দেখানো হয়েছিল। এ ঘটনায় রামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালত তাকে আটক দেখায়নি। বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরমধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন ১৪ আগস্ট সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এ ছাড়া একইদিন দায়িত্বরত কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ১২ আগস্ট মামলা দায়ের করেন। এসব মামলায় সৈয়দ আহম্মদ পাটওয়ারী এজাহারভুক্ত আসামি ছিলেন।