logo

শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা
ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতির পর তছনছ করা একটি ঘরের ভেতরের দৃশ্য।। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের হামলায় ওই শিক্ষকের বাবা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

ভুক্তভোগী সামিউল ইসলাম জানান, রাতে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রধান ফটক ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে তার বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন। ডাকাতেরা বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করতে থাকে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে ডাকাতেরা তার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আঘাতে তিনি মারাত্মক আতঙ্কিত হয়ে পড়েন এবং ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ডাকাতির এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানিয়ে সামিউল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি ডাকাতি মামলা করা হবে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ডাকাতির বিষয়টি তিনি শুনেছেন এবং পুলিশ ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু করেছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।