হাসপাতালে ভর্তির চার দিনের মাথায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মনির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতলটিতে চার দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মারা যাওয়া মনির হোসেন ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার মাতাব উদ্দিনের ছেলে।
শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সোমবার সকাল ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মনির হোসেন। তাকেসহ অন্যন্য রোগীদের যথাযথ চিকিৎসাসেবা চলছিল। মনির হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে যে ১৩৯ জন ভর্তি আছে তাদের মধ্যে পুরুষ ৮৭ জন, নারী ৪২ জন ও শিশু রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে দুই হাজার ২৬ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে দুই হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিল।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম চলছে। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। বাড়ির ছাদ, টব, ফুলের পাত্র বা আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নগরবাসীকেও নিশ্চিত করতে হবে।


