গোমতীর স্রোতে ভাসছে কোটি টাকার জিও ব্যাগ

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
গোমতীর স্রোতে ভাসছে কোটি টাকার জিও ব্যাগ
ভাঙনে ভেসে যাচ্ছে জিও ব্যাগ। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের জালুয়াপাড়া এলাকায় গোমতী নদীর তীর রক্ষায় এক কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন জিও ব্যাগ প্রকল্পের কার্যকারিতা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে নদীভাঙন প্রতিরোধে ফেলা জিও ব্যাগের অনেকগুলোই বর্ষার তীব্র স্রোতে ভেসে যাচ্ছে। ফলে কোটি টাকার এই প্রকল্প নিয়েও স্থায়ী সমাধান হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

জানা গেছে, দুর্যোগ-পরবর্তী জরুরি পুনর্বাসন ও সুরক্ষা কার্যক্রমের (এনডিআর) আওতায় গোমতী নদীর ঝুঁকিপূর্ণ এই অংশে প্রায় ৩০০ মিটার এলাকায় এক কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। তবে স্থানীয়দের দাবি, প্রতিবছর একইভাবে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও নদীভাঙনের স্থায়ী সমাধান হচ্ছে না। এতে একদিকে সরকারি অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে নদীতীরবর্তী মানুষের জানমাল ও কৃষিজমি ঝুঁকির মধ্যেই থেকে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা তারেক বলেন, ছালার বস্তা দিয়ে কোনো রকম কাজ দেখিয়ে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এখানে ব্লক বা স্থায়ী প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করলে মানুষ ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পেত। বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরেক বাসিন্দা সালমা বলেন, গোমতী নদীর এই অংশে দীর্ঘদিন ধরে ভয়াবহ ভাঙন চলছে। এখানে কোনো চর নেই, নদী সরাসরি পাড়ের সঙ্গে লাগানো। টেন্ডারের কাজও সঠিকভাবে হচ্ছে না। পানি বাড়লে আতঙ্ক নিয়ে রাত কাটাতে হয়। যেসব স্থানে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানে না ফেলে অন্যভাবে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে প্রকল্পের ঠিকাদার মুন্না চৌধুরী বলেন, প্রকল্পের নকশা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নদীতে জিও ব্যাগ ফেলার কথা বলা হয়েছে। আমরা সেই নির্দেশনা অনুসারেই কাজ করছি।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহারিয়া বলেন, কাজ এখনো চলমান রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে দেখব। কোথাও কোনো ত্রুটি বা অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :কুমিল্লা