logo

রাঙামাটিতে তেলের সংকট, পাম্পে উপচেপড়া ভিড়

রাঙামাটিতে তেলের সংকট, পাম্পে উপচেপড়া ভিড়

রাঙামাটিতে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের সংকটের কারণে ফিলিং স্টেশনে তেলের জন্য উপচেপড়া ভিড় দেখা যায়। প্রশাসনের উদ্যোগেও স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাঙামাটি শহরের হিল ভিউ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের।

জানা গেছে, রাঙামাটি শহরের সাতটি পাম্প থাকলেও মাত্র দুটিতে ডিজেল ও একটিতে অকটেন পাওয়া যাচ্ছে। এদিকে গত শনিবার থেকে খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সঙ্গে ৬টি উপজেলার নৌ যোগাযোগ। অন্যদিকে ডিজেল সংকটে চাষের সেচের সমস্যার কথা জানান কৃষকরা। পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় দূরপাল্লার পণ্যবাহী পরিবহন ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা।

রাঙামাটির নানিয়ারচর এলাকার থেকে মঙ্গল কুমার চাকমা বলেন, ‘রোগী নিয়ে রাঙামাটি আসার পর যাওয়ার জন্য তেল দরকার। তেলের জন্য দুই ঘণ্টা হলো লাইনে দাঁড়িয়ে আছি।’

বন্দুকভাঙ্গা এলাকার কৃষক হিমেল চাকমা বলেন, ‘ধানের সেচের জন্য সপ্তাহে ১২-১৫ লিটার ডিজেল দরকার। এখন পাম্পে দিচ্ছে মাত্র ৫ লিটার। এই তেল দিয়ে কিছুই হবে না। আবার তেলে জন্য রাঙামাটি আসাও কঠিন।’

পাম্পসংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রাম থেকে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় কিছু পাম্প অকটেন দিলে কিছু পাম্পে ডিজেল দিচ্ছে।

রাঙামাটি হিল ভিউ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন বলেন, প্রতি সপ্তাহে আমাদের তেলের প্রয়োজন ১৬ হাজার লিটার, পাচ্ছি ৬ হাজার লিটার। ফলে পুরো শহরের চাপ আমাদের পাম্পে। সোমবার থেকে টানা দিয়ে যাচ্ছি।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, রেশনিং করে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। কারও তেল পেতে সমস্যা হলে আমরা সেটি সমাধানের চেষ্টা করছি।