logo

মাইক্রোবাসের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল পানচাষির  

মাইক্রোবাসের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল পানচাষির  

মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেওয়া ট্রাক থেকে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন হাফিজুর রহমান নামের এক পানচাষি। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের কান্দিভিটা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানায়, সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে ট্রাকে করে পানচাষিরা পান বিক্রির জন্য নাটোর শহরের দত্তপাড়ায় যাচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে নাটোর শহরের কান্দিভিটা বটতলা এলাকায় পৌঁছলে সামনের একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করে। এ সময় পানবাহী ট্রাকটিও জোরে ব্রেক করে। এ সময় গাড়ির ঝাঁকুনি খেয়ে ট্রাকের ওপর বসে থাকা পাঁচজন পানচাষির মধ্যে দুইজন ছিটকে রাস্তায় পড়ে যান।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাস্তায় ছিটকে পড়ার পর রংপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাদের পিষে দিয়ে চলে যায়। এতে হাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। আরেকজন পানচাষিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।