চাঁদাবাজির প্রতিবাদে লালমনিরহাটে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

সড়কে চাঁদাবাজি ও এক চালককে মারধরের প্রতিবাদে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন ট্রাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে পাটগ্রাম উপজেলার বাউরা রেলগেট এলাকায় এ অবরোধ শুরু হয়।
দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে শতশত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আন্দোলনরত ট্রাকচালকদের অভিযোগ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা হয়। শ্রমিক পরিচয়পত্র দেখানোর অজুহাতে ট্রাকপ্রতি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। যাদের পরিচয়পত্র নেই, তাদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এসব অনিয়ম ও চাঁদাবাজির প্রতিবাদ করলেই চালকদের হুমকি ও শারীরিক নির্যাতন করা হয়।
সাধন কুমার রায় নামে এক বিক্ষুব্ধ ট্রাকচালক জানান, গত মঙ্গলবার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় চাঁদাবাজিতে বাধা দেওয়ায় তাহিরুল ইসলাম তারেক নামে এক ট্রাকচালককে মারধর করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, দীর্ঘ সময় অবরোধ চলার পর শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তাদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
