logo

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল রেলস্টেশনের মাঝামাঝি লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টার দিকে মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবারও পেছনের হুক ছিঁড়ে যায়। এতে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। 

ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। শিগগিরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।